*TRANSFER PORTAL*| DOWNLOAD : AVAY UPPTWA APP | PREMIUM CERTIFICATE 2026-2027 | PORT POLICY 2026-2027 | RENEW |INTIMATION Stay tuned for our New Updates! Happy Birthday

secretary

সভাপতির বার্তা


পশ্চিমবঙ্গের সকল প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাবন্ধুদের তথা সহকর্মীদের প্রথমে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। দীর্ঘদিন ধরে চলে আসা বেতন-বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিলাম আমরা। বিভিন্ন তথ্যসহ আমরা সমস্ত দপ্তরে বারবার দরবার করেছিলাম যাতে এই সমস্যার সমাধান হয়, কিন্তু সেভাবে কেউই কর্ণপাত করেননি। আমরাও হাল ছেড়ে দিইনি। ১৫ মার্চ, ২০১৮ সালে Usthi United Primary Teachers' Association (UUPTA) নামে যাত্রা শুরু করে ২ আগস্ট ২০১৮ সালে আমরা আইনগতভাবে আত্মপ্রকাশ করি Usthi United Primary Teachers' Welfare Association নামে। খুব অল্প সময়ে তৎকালীন সম্পাদিকা মাননীয়া পৃথা বিশ্বাসের নেতৃত্বে আমরা বিধানসভা অভিযানসহ দিল্লিতে ধর্না এবং MHRD দপ্তরে দরবার পর্যন্ত করি। কলকাতার বুকে প্রায় ৭০ হাজার শিক্ষককে নিয়ে আমরা জানান দিই যে দাবিপূরণের লক্ষ্যে আমরা অনমনীয়। ততদিনে অন্যায়ভাবে আমাদের কিছু সহকর্মীদের বদলি করা হয় ৬০০ কিমি পর্যন্ত দূরের প্রত্যন্ত স্কুলগুলিতে। কোথাও আবার বন্দুকের নল দেখিয়ে থামাবার চেষ্টা করা হয়! লাঠি, লাথি, হুমকি, জলকামান, জেল, CRPC-কে আন্দোলনের সঙ্গী করে আমরা ১২ জুলাই, ২০১৯ সল্টলেকের উন্নয়ন ভবনের সামনে বসে পড়ি ধর্না অবস্থানে। ১৩ তারিখ থেকে শুরু হয় আমরণ অনশন আন্দোলনের। প্রশাসন সত্যের কাছে নত হয়ে ২৬ জুলাই, ২০১৯ সালে বাধ্য হয় বদলিপ্রাপ্তদের ফিরিয়ে আনতে এবং বেতন-বঞ্চনা আর বৈষম্য স্বীকার করে নিয়ে গ্রেড-পে বৃদ্ধির একটি অর্ডার বের করতে। এরপর আমরা তুলে নিই আমাদের অনশন আন্দোলন। তারপর থেকে শিক্ষক-শিক্ষিকাদের দাবিকে মান্যতা দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক এবং শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষক স্বার্থে কাজ করে চলেছি। করোনা অতিমারির মধ্যে রেকর্ড পরিমাণ কাজ করেছি আমরা। করোনা রোগীদের খাবার, ঔষধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককর্মীদের বিবিধ সমস্যার পাশে দাঁড়িয়ে আমরা ২৪ ঘণ্টা কাজ করে গিয়েছি। অত্যন্ত বিপদসঙ্কুল স্থানে আমরা প্রাণের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র পেরিয়ে পৌঁছে গিয়েছি ইয়াসের ত্রাণ বিতরণ করতে। মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বিস্তৃত অঞ্চলে বন্যাবিধ্বস্ত মানুষের পাশে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে দাঁড়াতে চেষ্টা করেছি। বহু অসুস্থ মানুষকে অর্থসাহায্য থেকে শুরু করে হসপিটালে ভর্তি এবং প্রয়োজনে রক্তের যোগান নিয়মিত দিয়ে চলেছি। ছাত্র-ছাত্রীদের কথা ভেবে অনলাইন ভিডিও ক্লাস সহ নিয়মিত কর্মপত্র দিয়ে চলেছি আমরা। বর্তমানে আমরা নোশনাল ইফেক্ট, সিনিয়র জুনিয়র সমস্যা, বদলি, NC, হেডটিচার সমস্যাসহ আরও অন্যান্য বিবিধ সমস্যাগুলির দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি রাখার অনুরোধ করে চলেছি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুলগুলিকে নিয়ে এবার ভাবনা চিন্তা করার সময় এসেছে। আমরা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। সবশেষে একটি কথা না-বললেই নয়, মাত্র তিনবছর সময়কালের মধ্যে অফিসবিহীন এই UUPTWA সংগঠন কীভাবে এতগুলি অসাধ্যসাধন কাজ করল তা নিয়ে একদিন অনেককেই ভাবতে হবে। আর ভার্চুয়াল e-world এর দুনিয়ায় আমরা এবার ২৪ ঘণ্টা সহায়তার লক্ষ্যে তৈরি করলাম আমাদের নিজস্ব ওয়েবসাইট www.uuptwa.com । সকল প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা-বন্ধু-সহকর্মীদের প্রতি আবেদন, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে থাকুন, পাশে থাকুন তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত পৌঁছে যাব। সকলকে আবারও ধন্যবাদ।

সন্দীপ ঘোষ, সভাপতি, UUPTWA
উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
Visitors
© Copyright UUPTWA. All Rights Reserved. Designed by K. Chatterjee